বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে সাজেদা ফাউন্ডেশন ও ভিশনস্প্রিং। ‘Love Your Eyes—আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল চোখের যত্ন, নিয়মিত চক্ষু পরীক্ষা এবং দৃষ্টিশক্তি সুরক্ষার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি বিনা মূল্যে চোখ পরীক্ষা এবং স্বল্পমূল্যে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চোখের সুস্থতা ও বিশ্ব দৃষ্টি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নিয়মিত চোখ পরীক্ষা, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরে দিনব্যাপী চক্ষু ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে বিনা মূল্যে ১০২ জনের চোখ পরীক্ষা করা হয় এবং ৬৮ জনের মধ্যে চশমা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদুর রহমান সজীব, প্রমোদা সুন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, এ বি এম সিদ্দিকুর রহমান, দৌলতপুর বাজার কমিটির আহ্বায়ক মো. আরফান প্রধান ও যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ।
এ ছাড়া ভিশনস্প্রিংয়ের প্রতিনিধি মো. আব্দুল মতিন, সাজেদা ফাউন্ডেশনের হেড অব হেলথ ডা. খাদিম আল দ্বীন, ফিল্ড অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাজেদা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, তাদের আরজিআইএল প্রকল্পের আওতায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে দেশের ৩০টি জেলায় ৭০টির বেশি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। এসব ক্যাম্পে মোট ১ হাজার ৯৬৬ জনের বিনা মূল্যে চোখ পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১ হাজার ৬৬১ জনের দৃষ্টিজনিত সমস্যা শনাক্ত করা হয়। পরে ১ হাজার ৫৮৬ জনকে স্বল্পমূল্যে এবং অতি দরিদ্রদের বিনা মূল্যে চশমা দেওয়া হয়।
এই বাংলা/এমএস