সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; খাগড়াছড়ি সদর জোন কমান্ডার (১৮ ইস্ট বেঙ্গল) লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসি; খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত; খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মোর্তোজা আলী খান এবং খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
ফাইনাল ম্যাচ ঘিরে খাগড়াছড়ি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও পারস্পরিক বন্ধনের বার্তা তুলে ধরা হয়।
ফাইনাল ম্যাচ শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিরা সম্প্রীতির বন্ধন জোরদারে এমন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস