মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা-পাইকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা গেছে, নির্দিষ্ট এলাকায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিঘ্ন ঘটানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারজনকে হাতেনাতে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার মো. রহমতুল্লাহর ছেলে মো. আলমগীর (৫০), একই এলাকার মৃত মো. ওয়াজউদ্দিনের ছেলে আলামিন (৪২), গোলড়া পূর্বপাড়ার মৃত সহিমুদ্দিন আলীর ছেলে মো. গোলাপ হোসেন (৩৮) এবং মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত ইউনুছের ছেলে মো. আনসার আলী (৩০)।
পরে আটক ব্যক্তিরা নিজেদের অপরাধ স্বীকার করলে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. গোলাপ হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মো. আলমগীর ও মো. আনসার আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা করে অর্থদণ্ড এবং আলামিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, “মাদকের বিস্তার রোধ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই বাংলািএমএস