আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন।
সভায় শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
এ সময় বক্তব্য দেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান চপল, জেলা বিএনপি গঠিত পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি চন্দন পোদ্দার, কমিটির সদস্যসচিব বিষ্ণু ধর এবং সদর উপজেলার পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক পবিত্র।
এ ছাড়া পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কুমার সাহা, কালীবাড়ি মন্দির কমিটির সদস্য নেপাল দেবনাথ, কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, খেজুরা বিষ্ণু মন্দির কমিটির সভাপতি অঞ্জন হালদার, বিকনা রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি সুধাংশু বাবুসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতারা বক্তব্য দেন।
সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই যেন উৎসবের পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, মনিটরিং সেল গঠন, উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ দল তৈরি এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বাংলা/এমএস