বরগুনার বেতাগীতে পুরোনো বসতভিটায় নতুন করে ঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন সৌদিপ্রবাসী মো. জসিম হাওলাদার। উপজেলার করুনা গ্রামে জমির মালিকানা ও সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তাঁর ঘর নির্মাণকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জসিম হাওলাদার মৃত হাকিম হাওলাদারের একমাত্র ছেলে। চলতি বছর দেশে ফিরে তিনি তাঁদের পুরোনো বসতভিটায় নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেন। তবে তাঁর চাচা আব্দুল জলিল হাওলাদার ঘর নির্মাণে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জসিম।
জসিম হাওলাদার বলেন, “আমার চাচা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, যাতে আমি পুরোনো ভিটায় নতুন করে ঘর তুলতে না পারি। ঘর নির্মাণের জন্য মিস্ত্রি নিয়োগ করেছি। কিন্তু কাজ বন্ধ থাকায় তাঁদের বসিয়ে রেখেও টাকা দিতে হচ্ছে। এ মুহূর্তে আমাকে সহযোগিতা করার মতো কোনো আত্মীয়স্বজনও পাশে নেই। জমি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।”
অন্যদিকে, অভিযোগের বিষয়ে আব্দুল জলিল হাওলাদার বলেন, “আমার জমি আমাকে বুঝিয়ে না দিয়ে তারা ঘর তুলতে গেলে আমি আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেছি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।”
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁদের মতে, আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা গেলে উভয় পক্ষের জন্যই তা মঙ্গলজনক হবে।
জমির মালিকানা ও সীমানা নিয়ে বিরোধের কারণে বর্তমানে ঘর নির্মাণকাজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চলমান মামলার নিষ্পত্তি এবং জমিসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে বিষয়টির আইনগত সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এই বাংলা/এমএস