শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বেলাভূমি

নিমু বড়ুয়া
  • প্রকাশকালঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বেলাভূমি

— নিমু বড়ুয়া

​আমি সাগরবেলাভূমি, আর তুমি দূরন্ত এক ঢেউ—

এসে আছড়ে পড়তে আমার বুকে, কেমন হতো বলো?

আমার শীতল গহ্বরে তোমাকে জড়িয়ে ধরে রাখতাম,

কখনও যদি হারাও, এমনি সুখস্মৃতি হয়ে থেকো।

​আমি হারাতে চাই তোমার অমৃত গভীরে,

নিথর মরুভূমি হয়ে রব আমি…

তুমি উচ্ছ্বল সরীসৃপের মতো বেয়ে উঠবে,

অতলে হারিয়ে যাবে।

​তোমার দূরন্ত দংশনে ক্ষতবিক্ষত করে দেবে সব,

বেদনায় নীল হব নিবিড় সেই দংশনে।

আঘাতে আঘাতে সুখের অবগাহন—

তোমার অতলে আমি হারিয়ে যাব চিরতরে।

​সুউচ্চ পাহাড়ের চূড়া স্পর্শ করে আবার

নদীগর্ভে তলিয়ে যাওয়া…

অতলান্ত মাদকতায় ডুবে থাকা

একান্তই তোমার হয়ে!

​তীব্র শিহরিত আমি, আমার নীরব আত্মসমর্পণ—

সমর্পণের সুখ জমা আমার অন্তরে,

আর বন্য তুমি সুধাপানের আনন্দে বিভোর।

সমস্ত অবিমিশ্র সত্ত্বায় কি অস্থির অবাধ বিচরণ!

​আমার নিংড়ানো ভালোবাসার তুফান,

পুরো পৃথিবী যেন দলিত বলিষ্ঠ তোমার—

অস্থির সঞ্চালনে,

তীব্র পুরুষত্বের বাঁধভাঙা জোয়ারে

প্লাবিত আমার বেলাভূমি।

​আনন্দশ্রু গড়িয়ে পড়ে অবিরাম,

তোমায় পাওয়ার সুখ আজ বুকজুড়ে।

প্রবল নিশ্বাসের উষ্ণতায় আড়ষ্ট—

প্রাচুর্যতায় সমৃদ্ধ আমার যৌবনা বেলাভূমি।

এই সম্পর্কিত আরো খবর