জামালপুরের বকশীগঞ্জে জমি জবরদখলসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে শেখ ফরিদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের অপসারণ দাবি করেছেন আন্দোলনকারীরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযুক্ত শেখ ফরিদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ওঠা জমি জবরদখলসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বকশীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ারম্যান শাজাহান আলীর কেনা জমি সম্প্রতি জোরপূর্বক দখল করে নিয়েছেন স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ ও তাঁর সহযোগীরা। তাঁদের দাবি, শেখ ফরিদের বিরুদ্ধে এর আগেও একাধিক ব্যক্তির জমি জবরদখল ও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
সমাবেশ থেকে এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলা ও সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহারিয়ার আহম্মেদ সুমন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি সাদ আহম্মেদ রাজু, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ এবং ভুক্তভোগী উৎপল মহন্তসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস