নীলফামারীর ডিমলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম হোসেন এবং উপজেলা প্রকৌশলী মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ব্রিফিং প্যারেডে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নজরদারি রাখা এবং জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
এই বাংলা/এমএস