বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হালতী বিলে অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান, ৬৫টি চায়না রিং জাল ধ্বংস

স্টাফ রিপোর্টার,নাটোর
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতী বিলে অবৈধভাবে মাছ শিকার বন্ধে মোবাইল কোর্টের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৬৫টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিলের মহনপুর থেকে আঁচরাখালী এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হালতী বিলে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে মো. কাশেম আলী সরদার (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আঁচরাখালী গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে। পরে অপরাধ স্বীকার করায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর ৫ ধারা অনুযায়ী তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে বিলের বিভিন্ন স্থান থেকে ৬৫টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জনসম্মুখে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রম সুরক্ষা এবং প্রজনন মৌসুমে রেণু ও পোনা মাছ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর