বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানে দক্ষ এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, এমপি।

তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অধ্যবসায়, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক চরিত্র গঠন, আধুনিক শিক্ষার প্রসার এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলী।

শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষকদের আন্তরিক ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক। তাই ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা, সৃজনশীল চিন্তা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। মাদরাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে গভর্নিং বডি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলী বলেন, মাদরাসার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গভর্নিং বডি কাজ করছে। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও উন্নত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মুবিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, সার্কেল এসপি তারেক আজিজ, প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম আমিন, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী রফিকুল আলম।

এ সময় মাদরাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর