বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দৌলতপুরে যমুনা নদীতে অভিযান, সাড়ে ৭ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানকালে যমুনা নদী থেকে মৎস্যসম্পদ ধ্বংসকারী ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ দুজন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে।

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর