বিবিসি বাংলা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই বিএনপির সম্ভাব্য ও ঘোষিত প্রার্থীরা মাঠে সক্রিয়। তবে দলটির ভেতরে এখন তিনটি বড় চ্যালেঞ্জ ঘনীভূত হয়ে উঠছে—যা শুধু সংগঠনেই নয়, সমর্থকদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলে দলে আলোচনা হলেও এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। অথচ সরকার পরিবর্তনের পর পেরিয়ে গেছে প্রায় পনের মাস।
গত অক্টোবর–নভেম্বরেই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি শিগগিরই দেশে ফিরবেন। নিজেও গণমাধ্যমে এ বিষয়ে আশাবাদী মন্তব্য করেছিলেন। এমনকি তার জন্য বাড়ি প্রস্তুত করা এবং বুলেটপ্রুফ গাড়ি কেনা নিয়েও নানা তথ্য সামনে এসেছে।
তবুও তিনি এখনো আসছেন না কেন—তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন বাড়ছে। কেউ বলছেন রাজনৈতিক কৌশল, আবার কেউ সন্দেহ করছেন অন্য কোনো জটিলতার।
বিএনপির নেতাদের অনেকে ইঙ্গিত দিচ্ছেন—নির্বাচনের তফসিল ঘোষণার পরেই তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা বেশি। তবে দেরি হলে দলের ভেতরে যে সন্দেহ ও অস্থিরতা আছে, তা আরও বৃদ্ধি পেতে পারে।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা বিএনপির আরেকটি বড় সংকট। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পরও তাকে এবার তিনটি আসনে প্রার্থী করা হয়, যা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল।
কিন্তু হঠাৎ তার অবস্থা খারাপ হওয়ায় আবার হাসপাতালে ভর্তি করায় দলটির সব পর্যায়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং হৃদযন্ত্র–ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিএনপির অনেক নেতাই মনে করেন—খালেদা জিয়া দলের ঐক্যের প্রতীক। তিনি সক্রিয় না থাকলে সংগঠনের ভেতরে অসংগতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিভিন্ন ইউনিট দোয়া মাহফিলও করছে।
মনোনয়ন–সংক্রান্ত বিরোধ বিএনপির তৃতীয় ও সবচেয়ে দৃশ্যমান সংকট। ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে অন্তত ৫০টির মতো আসনে স্থানীয় নেতারা বিক্ষোভ করছেন, সড়ক অবরোধ থেকে মানববন্ধন—সবই হচ্ছে প্রার্থী পরিবর্তনের দাবিতে।
এ ছাড়া সমমনা ছোট দলগুলোর জন্য ছাড় দেওয়া আসনগুলো নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে। অনেক স্থানীয় নেতা এসব আসন ছাড়তে নারাজ।
এ অবস্থায় দলীয় শীর্ষপর্যায় থেকে কিছু আসন পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সাম্প্রতিক সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলছেন, “এসব বড় দলে স্বাভাবিক ঘটনা। খুব শিগগিরই সমাধান হয়ে যাবে।”
তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা, খালেদা জিয়ার অসুস্থতা এবং মনোনয়ন–বিভাজন—এই তিনটি বিষয়ই এখন বিএনপির জন্য বড় পরীক্ষার জায়গা। প্রার্থীরা মাঠে থাকলেও দলের ভেতরে এই অস্থিরতা নির্বাচনের আগে কৌশল এবং সংগঠন দুই দিকেই চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তথ্যসূত্র – বিবিসি বাংলা
এই বাংলা/এমএস
টপিক