ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ও স্বজনদের ভোগান্তি উদ্বেগজনকভাবে বেড়েছে। হাসপাতালজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ, করিডোরে ময়লা-আবর্জনা, নষ্ট বেসিন এবং ব্যবহার অনুপযোগী বাথরুম—সব মিলিয়ে চিকিৎসাসেবা নিতে আসা মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
হাসপাতাল ঘুরে দেখা যায়, বেশিরভাগ বেসিনে পানি সরবরাহ নেই, আবার কোথাও পাইপ লিক করায় চারদিকে পানি ছড়িয়ে থাকে। বাথরুমের দরজা ভাঙা, পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর এবং যথাযথ পরিষ্কার না হওয়ায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি রোগী ও তাদের স্বজনদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।
অনেক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, “বাথরুমে ঢোকাই কঠিন, বেসিনে পানি পাওয়া যায় না। প্রতিদিনই একই সমস্যায় পড়তে হয়।”
সেবা প্রত্যাশীরা জানান, তদারকি না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। দ্রুত সংস্কার, প্রয়োজনীয় মেরামত এবং পরিচ্ছন্নতা বাড়ানোর দাবি জানান তারা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী দৈনিক জনকণ্ঠকে বলেন, “পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রয়োজন প্রায় ১৫০ জন কর্মী, কিন্তু আছে মাত্র অল্প কয়েকজন। ২০ শয্যার ওয়ার্ডে ৮০ জন রোগী ভর্তি থাকে, তবুও আমরা কাউকে ফিরিয়ে দেই না—সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করি।”
এই বাংলা/এমএস
টপিক

