সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান, বাঘাইছড়িতে শিক্ষক দিবস

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা অং জিং মারমার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন মীর এবং কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা।

আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা ও দায়িত্বের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান অর্জনে সহায়তা নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বক্তারা আরও বলেন, অতীতে বিশ্ব শিক্ষক দিবস তেমন গুরুত্বের সঙ্গে পালন করা হতো না। তবে এ বছর দিবসটি সুন্দরভাবে উদযাপন করায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং এ জন্য সরকারকে ধন্যবাদ জানান।

সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এই সম্পর্কিত আরো খবর