‘শিক্ষকদের পাশে থাকা: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাজাহান সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, “শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ূন কবির তালুকদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সার, রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী স্বাধীন, সকোরপাড়া আকবর আলী শাহ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী জিন্নাহ এবং পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।
এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস