‘শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক পরিবারের আয়োজনে নগরকান্দা উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মমিন উদ্দিন এবং শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলী মিয়া।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিক্ষকদের দায়িত্ব ও মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও উপহার তুলে দেওয়া হয়।
এই বাংলা/এমএস