সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চার শতাধিক শিক্ষকের অংশগ্রহণে ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ডিমলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষক অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডিমলা উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি কাজী মো. রুকনুজ্জামান বকুল।

এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, সহকারী প্রোগ্রামার মো. শাহীনুল আলম, ডিমলা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (বিএম) অধ্যক্ষ মো. আব্দুল কাদের, শালহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, আকাশকুড়ি মুন্সিপাড়া দাখিল মাদরাসার সুপার মো. তহিদুল ইসলাম, ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক মো. আলী আহমেদ মর্তুজা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল করিম, সহকারী শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা ও ডিমলা ইসলামিয়া কলেজের সাবেক অধ্যাপক আবুল কাশেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার ও দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সেলিম জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বলেন, ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। তবে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। তিনি শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

অধ্যক্ষ আব্দুস সাত্তার আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের নিজেদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হয়ে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, শিক্ষকরা দেশ ও জাতির কল্যাণে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশ্ব শিক্ষক দিবসে দেশের সকল শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শিক্ষকদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রেখে শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী উপজেলার গুণী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর