বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এম. রশিদুজ্জামান মিল্লাতের নিয়োগ পাওয়ায় জামালপুরের বকশীগঞ্জে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দমিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এম. রশিদুজ্জামান মিল্লাতকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ ও মোতালেব সরকার, সাবেক মহিলা কাউন্সিলর রহিমা বেগম, উপজেলা মহিলা দলের সম্পাদিকা জুলেখা বেগম, সহসম্পাদিকা বিলকিস আক্তার এবং পৌর মহিলা দলের সম্পাদিকা নুসরাত জাহান বিথী।
কর্মসূচিতে উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
এই বাংলা/এমএস