মানিকগঞ্জের ঘিওরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) টানা বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
সকাল সাড়ে ১১টার দিকে ঘিওর উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘিওর বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জানে আলম, মিজানুর রহমান খান কুদরত, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার ও মিছিল নিয়ে অংশ নেন। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতিতে বাসস্টেশন চত্বর মুখর হয়ে ওঠে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
এই বাংলা/এমএস