মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বর্ণিল ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে বিএনপি সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বিএনপি সরকার দায়িত্বশীল ভূমিকা রাখবে।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, ক্ষেত্রমোহন রোয়াজা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকুসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর