সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘আওয়ামী লীগ সাপের চেয়েও বিষধর’, নাটোরে বিক্ষোভ সমাবেশে হুইপ দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘টেরোরিস্ট সন্ত্রাসী রাজনৈতিক দল’ আখ্যা দিয়ে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা আগুন দিয়ে মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়, যানবাহনে আগুন দিয়ে চালক, সহকারী ও সাধারণ মানুষকে পুড়িয়ে মারে, তারা কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নাটোরের আলাইপুর উপশহরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর বাংলাদেশে দুঃশাসন কায়েম করেছিল। এখনো তারা মানুষকে জিম্মি করতে চায়। বিএনপি সরকারের মাত্র আট মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যেই তারা অগ্নিসন্ত্রাসের রাজনীতি করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই সন্ত্রাসী দলের নৈরাজ্য রুখে দেবে। ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগ সাপের চেয়েও বিষধর। তাই তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে হুইপ দুলু বলেন, ডিসেম্বর মাসজুড়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা প্রশাসক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা পর্যায়ের নেতারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর