সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মো. দেলোয়ার হোসেন, জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, জবাবদিহিতা ও নাগরিক দায়িত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা ও এতিমখানা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়েও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, নতুন প্রজন্মের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক