খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, এর তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাতির ইতিহাস ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশপ্রেম, নৈতিকতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীদের ইতিহাসচর্চা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাসেত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, জুলাই আন্দোলনের উপজেলা মুখপাত্র আবির রাজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যথাযথ মর্যাদায় পালনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।
এই বাংলা/এমএস
টপিক