মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্লাস্টিকের বোতলে গ্যাস বহনের সময় বিস্ফোরণে আব্দুল খালেক (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি মোবাইল মার্কেটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত আব্দুল খালেক উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের রাইল্যা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, আব্দুল খালেক বাসস্ট্যান্ড এলাকার একটি ফার্মেসি থেকে প্লাস্টিকের কোমল পানীয়ের বোতলে ভরা গ্যাস কিনেছিলেন। বোতলটি হাতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কবজি ও আঙুলে গুরুতর আঘাত লাগে।
হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক জানান, প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার উদ্দেশ্যে তিনি ওই গ্যাস কিনেছিলেন। তবে প্লাস্টিকের বোতলে এভাবে গ্যাস বহন করা যে ঝুঁকিপূর্ণ, তা তার জানা ছিল না।
খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ঘটনাটি গ্যাস বিস্ফোরণের কারণেই ঘটেছে কি না এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, একটি সাধারণ ফার্মেসিতে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় উচ্চচাপের গ্যাস প্লাস্টিকের বোতলে বিক্রি করা হচ্ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, বিস্ফোরণে আহত যুবকের ডান হাতে গভীর ক্ষত হয়েছে। হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।