স্টাফ রিপোর্টার :
দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতিকে দিয়ে সার্কাস পরিচালনার অভিযোগ ওঠে। পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর হাতিটির কল্যাণ নিশ্চিত করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘বাদশা বাহাদুর’কে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উদ্যোগ নেন।
প্রতিমন্ত্রীর উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তরে সম্মতি দেন। এর ফলে দীর্ঘদিনের অবহেলা ও অনুপযুক্ত পরিবেশ থেকে মুক্ত হয়ে ‘বাদশা বাহাদুর’ উন্নত চিকিৎসা ও পরিচর্যার সুযোগ পেতে যাচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার মহাস্থান বন্দরে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হাতিটি হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সরকারের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় হাতিটি দিয়েছেন। তিনি জানান, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, নিয়মিত পরিচর্যা এবং উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে এটি সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারে।

