মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির, আহত স্ত্রী-ছেলে
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষার কারণে রাস্তা ভেঙে যাওয়ায় পাশের বাড়ির ফজর আলী নামে এক ব্যক্তি আব্দুল মালেকের বাড়ির বারান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। বৃহস্পতিবার রাতে চার্জ শেষ করে তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান। শুক্রবার দুপুরে মাল্টিপ্লাগটি খুলতে গিয়ে আব্দুল মালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী ও ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহত শাহেরা খাতুন ও শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।