দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে স্কুলশিক্ষার্থীদের মাঝে নতুন স্কুলব্যাগ এবং কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রাজিব হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে এসএ জিন্নাহ কবির বলেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সহায়তা কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জানান, ভাঙনকবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। পাশাপাশি স্থায়ী নদীরক্ষা বাঁধ নির্মাণের কাজও দ্রুত বাস্তবায়ন করা হবে।

