বাগেরহাট আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতের নিচতলায় কচুয়া আদালতের এজলাসসংলগ্ন বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সুমন দাস, হৃদয় হাওলাদার, হাবিবুল্লাহ শেখ, ফিরোজ শেখ ও মোতালেব হোসেন। দুর্ঘটনার পর আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিচারিক কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। পরে আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির রক্ষণাবেক্ষণের অভাবে ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছিল। এজলাসসংলগ্ন বারান্দাটি সবসময় বিচারপ্রার্থী ও আইনজীবীদের ভিড়ে পরিপূর্ণ থাকলেও ঝুঁকি কমাতে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
হাসপাতালের চিকিৎসক ডা. শেখ আদনান হোসেন জানান, আহতদের মাথা, ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। সবাই চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এম. এম. মাহাবুব মোর্শেদ লালন বলেন, ভবনটি অনেক পুরোনো এবং বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনার পর বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। তিনি আরও জানান, ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের জন্য এর আগেও গণপূর্ত অধিদপ্তরকে একাধিকবার অবহিত করা হয়েছিল।
এ ঘটনার পর আদালত ভবনটি জরুরি ভিত্তিতে সংস্কার অথবা পরিত্যক্ত ঘোষণা করার দাবি জানিয়েছেন বিচারক ও আইনজীবীরা। তাদের মতে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।