বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ডিমলায় ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই–বোনের মর্মান্তিক মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ডিমলায় আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


নীলফামারীর ডিমলায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাক ও চার্জার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন ভাই–বোন প্রাণ হারিয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের জলঢাকা–ডালিয়া সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহতরা হলেন— আশরাফ আলী (৪০) ও তার বড় বোন রুপিয়া বেগম (৪৩)। তারা পাশ্ববর্তী ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের সোনাউল্লাহর ছেলে–মেয়ে।

এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ একই পরিবারের আরও পাঁচজন।

পরিবার ও এলাকাবাসী জানান, বিকেলে আশরাফ আলী তার স্ত্রী জামফুল বেগম (৩৫), ছেলে লিমন ইসলাম (৫), মেয়ে আঁখি আক্তার (১২), বড় বোন রুপিয়া বেগম ও ভাগনে সুজন আলী (১২)কে নিয়ে আত্মীয়ের বাড়িতে নবজাতক দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মেসার্স এস. এম. এন্টারপ্রাইজের ঢাকা মেট্রো-ট ২৪-৫৫৮৩ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মারা যান আশরাফ আলী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে বড় বোন রুপিয়া বেগমও মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে হাতিবান্ধা হাইওয়ে পুলিশ ও ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

নিহতদের চাচাতো ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা নং-১১, তারিখ: ২০/১১/২০২৫ ডিমলা থানায় দায়ের করেছেন। মামলার তদন্ত করবে হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ।

হাতিবান্ধা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর