পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলাম (১৬)-এর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে মাছ ধরতে নেমে তীব্র স্রোতে নিখোঁজ হয় বকুল ইসলাম। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে স্থানীয়রাও এতে অংশ নেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, শুক্রবার সকাল থেকে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা উদ্ধার অভিযানে অংশ নেন। পরে নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।