বিশেষ প্রতিনিধি :
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের বনভূমির ভেতরে অবৈধভাবে পল্লী বিদ্যুতের সঞ্চালন সংযোগ স্থাপনের অভিযোগে অভিযান চালিয়ে বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার বালিজুড়ি রেঞ্জের কর্ণঝোড়া বিটের রাজার পাহাড় এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্দেশ্যে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ চলছিল। খবর পেয়ে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে বনভূমির ভেতর থেকে স্থাপিত দুটি বিদ্যুতের খুঁটি, উল্লেখযোগ্য পরিমাণ বৈদ্যুতিক তার এবং সংযোগকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে জব্দকৃত সামগ্রী বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
বন বিভাগ জানায়, সংরক্ষিত বনাঞ্চলে যথাযথ অনুমতি ছাড়া কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা বিদ্যুৎ সংযোগ স্থাপন আইনত দণ্ডনীয় অপরাধ। বনভূমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক