মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

মুলাদীতে যৌথ অভিযানে ৮০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মুলাদীতে যৌথ অভিযান চালিয়ে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে মুলাদী পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর (রানার বাড়ি) এলাকার বাবুল রাড়ীর ছেলে পারভেজ রাড়ী (৩৩) এবং ৪ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার এলাকার শহীদ খানের ছেলে আজিজুল হাকিম (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বরিশাল জেলা কার্যালয়ের সার্কেল ‘ক’-এর পরিদর্শক মো. জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দীনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সোমবার বিকেলে সিনেমা হল মার্কেট এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে পারভেজ রাড়ী ও আজিজুল হাকিমকে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর