মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার প্রকল্প জমা দিয়েছি: এমপি আনু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, চলনবিলের মৎস্য ও কৃষিখাতকে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “চলনবিলের মৎস্য ও কৃষিকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি। নির্বাচনের আগে আমরা যেসব কথা দিয়েছিলাম, এখন সেগুলো বাস্তবায়ন করছি।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ঋণ মওকুফ করেছেন। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড করে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, দেশের ইতিহাসে তা বিরল।”

দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এমপি আনু বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অনিয়ম বা কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

এ সময় আরও বক্তব্য দেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, চামারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুল ইসলাম শেখ, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাফী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদৎ হোসেন মিন্টু প্রমুখ।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর