মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে গুরুতর জখম করার অভিযোগে স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ রাসেলকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ফেনীর বাসিন্দা পিকআপচালক মোহাম্মদ রাসেল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বারইয়ারহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রেম করে বর্তমান স্ত্রী মনিকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের পরও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
স্বজনদের অভিযোগ, বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমানোর পর ভোরের দিকে রাসেলকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আহতের মা মনোয়ারা বেগম ও মেয়েও ঘটনার বিষয়ে অভিযোগ করেছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক