শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

নাটোরে নকল ‘Damfik’ টাইলস ক্লিনার তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার, নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন ‘Damfik’ ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় বিলজুয়ানি এলাকার ঈমান আলী মোল্লার ছেলে মো. আমিরুল ইসলাম (৩৭)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় কারাভোগ করতে হয়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল ‘Damfik’ টাইলস ক্লিনার, ১৩টি জারকিনে প্রায় ৫০০ লিটার ‘ভিক্সল’ নামীয় হাইড্রোক্লোরিক (এইচসিএল) অ্যাসিড এবং নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত ৫০০টি খালি বোতল জব্দ করা হয়। পরে খালি বোতলগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় নকল, ভেজাল এবং লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর