শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

নলডাঙ্গায় কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে পরিচালিত মোবাইল কোর্টে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৯০০ ফুট কারেন্ট (সিন্থেটিক) জাল পুড়িয়ে ধ্বংস এবং অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

মোবাইল কোর্টে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৫ অনুযায়ী দুটি মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযান চলাকালে পোনা মাছ ধরায় ব্যবহৃত আনুমানিক তিন লাখ টাকা মূল্যের প্রায় ৯০০ ফুট কারেন্ট (সিন্থেটিক) জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকাও জব্দ করা হয়।

জব্দ করা পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পোনা মাছ নিধন বন্ধে অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর