শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নবীনগর বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বাজারগুলোতে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল হাসানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ হকার ও দোকানপাট অপসারণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিবুল হাসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই মাইকিং করে রাস্তার পাশে ও অলিগলিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছিল।

তিনি বলেন, নবীনগর বাজারে যানজটের অন্যতম প্রধান কারণ ফলের বাজারসহ বিভিন্ন স্থানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা। পূর্বঘোষণা অনুযায়ী অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এই সম্পর্কিত আরো খবর