বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

কলিয়া বাজারে মোবাইল কোর্ট, ৩ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া বাজারে বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সুধীর মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, মোন্নাফ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং জসিম স্টোরকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পণ্যের মূল্য তালিকা ক্রেতাদের সহজে দেখার মতো স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

বাজার তদারকি শেষে ইউএনও সিলভিয়া স্নিগ্ধা কলিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে ভূমিসেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তারা সেবা পেতে কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন।

সেবাগ্রহীতাদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

জনস্বার্থে বাজার তদারকি এবং সরকারি সেবার মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর