বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হরিরামপুরের রামকৃষ্ণপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং আওয়ামী লীগের ‘দোসরদের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক আজাহার।

প্রতিবাদ সভায় বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগের ‘দোসরদের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তাঁরা।

পরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে রামকৃষ্ণপুর পদ্মাপাড় ও মানিকনগর বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল ও সমাবেশ সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মজনু, সাবেক সহসভাপতি আব্দুল হাই, সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন, সহ যুববিষয়ক সম্পাদক মো. লুতফর রহমান, সাবেক সহসাংগঠনিক সম্পাদক নওয়াব আলী মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন মোল্লা, সদস্যসচিব জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক জীবন হোসেন জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি এলাকার শান্তি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়