বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই: জামায়াত নেতা রফিকুল ইসলাম খান

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি অভিযোগ করেছেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে এবং বিএনপিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে। জনগণের গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা করা হলে আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২২ আগস্ট) সকালে নাটোর শহরের জেলা পরিষদ হল মিলনায়তনে নাটোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, “বিএনপি আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে। এ কারণে বিএনপিকেও তাদের অপকর্মের কারণে একই পথে যেতে হবে।” তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার একসময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, কিন্তু পরবর্তীতে তারাই ক্ষমতা থেকে বিদায় হয়েছে।

দলের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখতে হবে। শক্তিশালী সাংগঠনিক ইউনিট গড়ে তুলতে পারলে নির্বাচনে কেউ কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করার সাহস পাবে না।

জামায়াতে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে প্রথমে পরিবারকে ইসলামভিত্তিকভাবে গড়ে তুলতে হবে। এরপর শহর-বন্দর, গ্রামগঞ্জ ও পাড়া-মহল্লায় ইসলামের গণভিত্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতাকে ‘প্রহসনের রায়’ দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে দলটি মনে করে। নানা প্রতিকূলতার মধ্যেও জামায়াতের সাংগঠনিক কার্যক্রম থেমে থাকেনি বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে। বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা না করে তা মেনে নেওয়া উচিত।

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে।” এ জন্য মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম ও প্রফেসর ড. আবুল হাশেম।

এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়