বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোণায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

নেত্রকোণা প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচিতে জেলার ১০টি উপজেলা থেকে আগত নেতা-কর্মীদের উপস্থিতিতে ছোট বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।

সকাল থেকেই ঢাক-ঢোলের তালে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের কুড়পাড়, সাতপাই ও বড়বাজার প্রদক্ষিণ করে মোক্তারপাড়ার পাবলিক হলে গিয়ে শেষ হয়।

পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, “৪৮ বছরে বিএনপি বারবার প্রমাণ করেছে, তারা জনগণের দল। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বই আমাদের পথ চলার প্রেরণা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা।

এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন ও জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতার আদর্শ ধারণ করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে বিএনপির ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা, দলের নিহত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত এবং কারাবন্দীদের মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়