পাবনা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং যানবাহনের স্টিকার পেতে অনলাইনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি জানান, আগে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে হত, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এবার প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে অনলাইনে আবেদন গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার জন্য একটি পৃথক ওয়েবসাইট চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থায় নির্ধারিত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ সাংবাদিক পরিচয়পত্র এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও যানবাহনের স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।
আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে। আবেদনকালে অফিস প্যাডে করা আবেদনপত্রের কপি, অফিস আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

