বরিশাল ব্যুরো :
বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাযরুল আলম সুমনের সভাপতিত্বে বরিশাল-৪, ৫ ও ৬ আসনের মোট ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র পর্যালোচনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বরিশাল-৫ (সদর) আসনের খেলাফত মজলিশের প্রার্থী এ কে এম মাহবুব আলম এবং স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মাহবুব আলমের মনোনয়নপত্র অসম্পূর্ণ ও স্বাক্ষরবিহীন থাকায় বাতিল করা হয়েছে। তৌহিদুল ইসলামের ভোটার তালিকা এবং প্রস্তাবক-সমর্থকের তথ্যে অসঙ্গতি থাকায় তার মনোনয়নও বাতিল করা হয়।
এ ছাড়া বরিশাল-৫ আসনের বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকারনামায় ত্রুটির কারণে তার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। একইভাবে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের আয়কর রিটার্ন সার্টিফিকেট ও প্রয়োজনীয় ১০-বি ফরম না থাকা এবং ছবি সত্যায়িত না হওয়ায় তার মনোনয়নও স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা খাযরুল আলম সুমন জানান, যাচাই-বাছাই করা ২১ প্রার্থীর মধ্যে ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া প্রার্থীরা ত্রুটি সংশোধনের সুযোগ পাবেন এবং পরবর্তী শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তফসিল অনুযায়ী, শনিবার (৩ জানুয়ারি) বরিশাল-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

