
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নে এক দিনমজুর পরিবার তাদের পৈতৃক ভিটায় শান্তিপূর্ণভাবে বসবাসের দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। অভিযোগ উঠেছে—গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের জমি দখলে রাখতে নানা কৌশলে চাপ সৃষ্টি করছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভুক্তভোগী দ্বীন ইসলাম গাজী জানান, ৭ নম্বর উরফি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তাদের পৈতৃক ৪.৫০ শতাংশ জমি বহু বছর ধরে তার আপন চাচাতো ভাই ওলিয়ার রহমান (উলু) গাজীর দখলে ছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গেল ৩০ অক্টোবর আমিন এনে জমি পরিমাপ করে তার নামে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি ঘর নির্মাণ শুরু করলে উলু গাজী বাধা দেন এবং প্রাণনাশের হুমকিও প্রদান করেন।
পরবর্তীতে উলু গাজীর ভাবী আলপনা রহমানকে বাদী করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি পিটিশন দায়ের করা হয়, যা নিয়ে দ্বীন ইসলাম গাজী হয়রানির অভিযোগ তুলেছেন।
সরেজমিনে গিয়ে গণমাধ্যমকর্মীরা স্থানীয়দের স্বাক্ষরিত সালিশনামা ও ভুক্তভোগীর বক্তব্যে ঘটনার প্রাথমিক সত্যতা পান।
দ্বীন ইসলাম গাজী জানান, “গ্রামের গণ্যমান্য লোকজন সালিশ করে আমাকে জমি বুঝিয়ে দিলেও ঘর করতে দিল না। উলু গাজী ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি পুরোনো একটি মাদক মামলার ভয় দেখিয়ে আমাকে হয়রানি করছে।”
অভিযুক্ত ওলিয়ার রহমান বলেন, “দ্বীন ইসলাম তার জমি পাবেই। তবে এখনো সবকিছু প্রক্রিয়াধীন।”
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা চাইছে।
এই বাংলা/এমএস
টপিক
