রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে বাউফল উপজেলা আ. লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানা পুলিশ পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে সবুজবাগ এলাকায় এ অভিযান শুরু হয়।

অ্যাডভোকেট শাহাবুদ্দিনের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা হেফাজতে রয়েছেন।

বগা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদিন জানান, ২০২৫ সালে সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী আইনে অ্যাডভোকেট শাহাবুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। মামলাটি ২০২৫ সালের ২৫ জুন বাউফল থানায় ৪২ নম্বর হিসেবে নথিভুক্ত হয়।

পরে ২৮ নভেম্বর বিকেলে তাকে পটুয়াখালী আদালতে হাজির করা হলে সন্ধ্যায় আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর