শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে জেঁকে বসছে শীত, বাড়ছে লেপ-তোশকের চাহিদা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নদ-নদীবেষ্টিত উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। বিকেল হলেই বাড়ছে ঠান্ডার প্রকোপ। ভোরে দেখা মিলছে কুয়াশা ও শিশিরের। সেই সঙ্গে কমছে তাপমাত্রা। ঠান্ডা বাতাসে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক তৈরির কারিগরদের। গরম কাপড়ের দোকানগুলোতেও বাড়ছে ক্রেতাদের ভিড়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

ভোরে কুয়াশা ও ঠান্ডার কারণে বাইরে বের হওয়া শ্রমজীবী মানুষকে গরম কাপড় পরতে হচ্ছে। সকাল থেকে আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকলেও ঠান্ডা বাতাসে কর্মজীবী মানুষের ভোগান্তি কমছে না। বিশেষ করে শ্রমজীবী ও কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা গরম কাপড় পরে কাজে বের হচ্ছেন।

শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক তৈরির কারিগরদেরও। উলিপুর পৌর শহরের গবার মোড় এলাকার ধুনকর আব্দুল খালেক বলেন, ‘ঠান্ডা তো এখন শুরু হয়েছে। লেপ-তোশকের চাহিদা বাড়ছে। মৌসুম শুরু হওয়ায় আমাদের কাজ আরও বাড়বে। এখন দিনে ১০ থেকে ১৫টি লেপ-তোশক তৈরির অর্ডার পাচ্ছি। গতবারের তুলনায় এবার লেপ-তোশক তৈরির খরচ বেশি। কারণ, কাপড়ের দাম বেড়েছে। আগের মতো আর লাভ হয় না।’

রাজারহাট উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাজারে লেপ বানাতে অর্ডার দিতে আসা মোছা. জোসনা বেগম (৪০) বলেন, ‘ঠান্ডা পড়েছে। ছেলে-মেয়েদের নিয়ে বিপদে আছি। দুটি লেপ বানাতে হবে, তাই অর্ডার দিতে এসেছি। আগে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা লাগত। এখন ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা লাগে। করার তো কিছুই নেই, কিনতে তো হবে।’

রাজারহাট উপজেলার দর্জি মো. বকিয়ত মিয়া বলেন, ‘ঠান্ডা বাড়তে শুরু করেছে। আমার কাছেও অর্ডার বাড়বে। সারা বছরের মধ্যে শীতের সময় আমাদের ব্যস্ততা বেড়ে যায়। এ সময় কাজের অভাব হয় না।’

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ভ্যানচালক মো. আব্দুল জলিল (৫৬) বলেন, ‘হঠাৎ করে কয়েক দিন ধরে ঠান্ডা বেড়ে গেছে। একবার ভোরে, আবার বিকেলে ঠান্ডা বাতাসে ভ্যান চালাতে খুব কষ্ট হয়। গরিব মানুষ, পেটের দায়ে কাজ তো করতেই হবে।’

সদর উপজেলার বাসিন্দা মো. সোহাগ মিয়া (৫০) বলেন, ‘এখনো পুরোপুরি শীত নামেনি, অথচ শরীরে ভীষণ ঠান্ডা অনুভূত হচ্ছে। শুধু ফুলহাতা শার্ট গায়ে দিয়ে বাড়ি থেকে বের হয়েছি। এখন দেখছি, খুব ঠান্ডা লাগছে। শহরে গিয়ে মনে হয়, একটা সেকেন্ডহ্যান্ড সোয়েটার কিনতে হবে।’

এ বিষয়ে রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শনিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর