উত্তরের জেলা পঞ্চগড়ে চা শিল্পের সম্ভাবনা, উৎপাদনের মানোন্নয়ন এবং সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ সম্মেলন ও মিলনমেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। তিনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠান উপলক্ষে সকালে চা চাষিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক, সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানিক উদ্দিন মানিক খান, চা চাষি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু, ঠাকুরগাঁও চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু এবং স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব।
দিনব্যাপী এ সম্মেলন ও চায়ের মানোন্নয়নবিষয়ক কর্মশালায় পঞ্চগড়ের পাঁচ উপজেলার চা চাষি, চা রোপণকারী কৃষক, চা বাগান ও কারখানার মালিক এবং চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে চা চাষের বিভিন্ন পর্যায়ে যুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়, চায়ের মানোন্নয়ন এবং সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ ধরনের সম্মেলন ও মিলনমেলা পঞ্চগড়ের চা শিল্পের সম্ভাবনা কাজে লাগানো, উৎপাদনের মানোন্নয়ন এবং এ অঞ্চলের চা শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস