মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদানের স্বীকৃতি হিসেবে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে সিলেটের জকিগঞ্জকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ ৫৫ বছর পর এ উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয়রা। একই সঙ্গে কানাইঘাটকে দেশের দ্বিতীয় মুক্তাঞ্চল ঘোষণার দাবিও জোরালো হয়েছে। এ উপলক্ষে আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জ ও কানাইঘাট সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা।
১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ এবং ২২ নভেম্বর কানাইঘাট পাকিস্তানি হানাদারমুক্ত হয়। স্থানীয়দের মতে, জকিগঞ্জের রাষ্ট্রীয় স্বীকৃতি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন। পাশাপাশি মুক্তিযুদ্ধে কানাইঘাটের অবদানও যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান জাতীয় সংসদে জকিগঞ্জকে দেশের প্রথম এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল ঘোষণার দাবি জানিয়েছেন। তাঁর আমন্ত্রণে ৩ ডিসেম্বর স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সফর সফল করতে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং হুইপ জি কে গউছের উপস্থিতিতে সিলেট সার্কিট হাউসে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারযোগে অতিথিদের জকিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। প্রথমে কানাইঘাটের সাতবাঁকে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন তাঁরা। এরপর জকিগঞ্জের চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং উপজেলা সদরে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
ঐতিহাসিক স্বীকৃতির পাশাপাশি দুই উপজেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার বিষয়টিও সামনে এসেছে। জকিগঞ্জের আনন্দপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও সেখানে উত্তোলন শুরু হয়নি। অন্যদিকে কানাইঘাটের বড়চাতল এলাকায় আটগ্রাম-১ তেল-গ্যাসকূপটি ১৯৮১ সালে খননের পর সিল করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, সম্ভাবনাময় এসব কূপের সম্ভাব্যতা যাচাই করে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিতে হবে।
যোগাযোগব্যবস্থার দুরবস্থাও দুই উপজেলার মানুষের বড় ভোগান্তির কারণ। জকিগঞ্জের আটগ্রাম বাজার ও কানাইঘাটের কাড়াবাল্লা এলাকার সংযোগস্থলে সুরমা নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষায় নৌকা এবং শুষ্ক মৌসুমে অস্থায়ী সাঁকোই তাঁদের নদী পারাপারের ভরসা। গত ২৬ নভেম্বর নদী সাঁতরে পার হতে গিয়ে কানাইঘাটের আমবাড়ী গ্রামের ফয়জুল হক (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, আটগ্রাম-কাড়াবাল্লা এলাকায় সুরমা নদীর ওপর দ্রুত স্থায়ী সেতু নির্মাণ করতে হবে।
এ ছাড়া গ্রামীণ সড়ক সংস্কার, নদীভাঙন রোধ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিও জানিয়েছেন বাসিন্দারা।
ধর্মীয় শিক্ষা ও আলেম-ওলামার ঐতিহ্যে সমৃদ্ধ জকিগঞ্জ ও কানাইঘাটে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের। তাঁদের দাবি, সীমান্তপথে মাদক প্রবেশ ও দেশের বিভিন্ন অঞ্চলে পাচার প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি জকিগঞ্জে অধিদপ্তরের একটি স্থায়ী শাখা কার্যালয় স্থাপনের দাবিও জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সচেতন মহল জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন এবং স্পিকারের সফরের উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয়দের প্রত্যাশা, ৩ ডিসেম্বরের এ সফরে জকিগঞ্জের ঐতিহাসিক স্বীকৃতির পাশাপাশি কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল ঘোষণার দাবিও গুরুত্ব পাবে। একই সঙ্গে গ্যাস উত্তোলন, সুরমা নদীতে সেতু নির্মাণ, মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা এবং দুই উপজেলার দীর্ঘদিনের উন্নয়ন সমস্যার সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
এই বাংলা/এমএস