হেমন্তের মাঠজুড়ে পাকা আমন ধান। কৃষকেরা যখন ধান কাটায় ব্যস্ত, তখন সেই খেতেই অন্য এক সংগ্রামে নামেন ভূমিহীন ও দরিদ্র নারীরা। তাঁদের হাতে কাস্তে নেই, নেই নিজের কোনো জমি। তাঁরা খুঁজে বেড়ান ইঁদুরের গর্ত। সেই গর্ত খুঁড়লেই মেলে ইঁদুরের জমিয়ে রাখা ধান। স্থানীয়ভাবে এই ধান পরিচিত ‘ইঁদুর ধান’ নামে। কারও দুই মাস, কারও তিন মাসের খাবারের সংস্থান হয় এই ধানে। অভাবের সংসারে ইঁদুরের গর্তই যেন তাঁদের বেঁচে থাকার অবলম্বন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মোছা. মুন্নি বেগম (৫৮) তাঁদেরই একজন। স্বামী মারা যাওয়ার পর পাঁচ মেয়েকে নিয়ে তাঁর সংসার। পরিবারের নিজস্ব কোনো জমি নেই। তাই আমন ধান কাটার মৌসুম এলেই মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খুঁজতে থাকেন তিনি। এরপর মাটি খুঁড়ে বের করেন ইঁদুরের জমানো ধান।
মুন্নি বেগম জানান, প্রতিবছর এভাবে ইঁদুরের গর্ত খুঁড়ে চার মণের বেশি ধান সংগ্রহ করতে পারেন তিনি। এই ধানে তাঁর প্রায় দুই মাসের খাবারের সংস্থান হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি গ্রামের মোছা. শেফালী বেগম (৪৫) জীবিকার তাগিদে ধান কুড়ানোর কাজ করেন। তিনি জানান, একটি গর্ত খুঁড়ে ধান বের করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ধান সংগ্রহের কাজ। তবে কাজটি বেশ ঝুঁকিপূর্ণ। কখনো কখনো গর্তের ভেতর থেকে সাপ বেরিয়ে আসে। তাই প্রতিটি গর্ত খোঁড়ার সময় সতর্ক থাকতে হয়।
রাজারহাট উপজেলার বাছড়া বাজার এলাকার মোছা. তসলিমা বেগম (৪৭) গত বছর ছেলের বউকে সঙ্গে নিয়ে ইঁদুরের গর্ত থেকে প্রায় ৯ মণ ধান সংগ্রহ করেছিলেন। এবারও ছয় থেকে সাত মণ ধান পাওয়ার আশা করছেন তিনি।
তসলিমা বেগম বলেন, ‘আমার জমি নেই যে ধান আবাদ করব। ইন্দুরের গর্ত খুঁড়ে কিছু ধান পাই। তাই দিয়ে দুই-তিন মাস সংসার চলে।’
তিনি জানান, ১০ থেকে ১২ দিনে ২৫ থেকে ৩০টি গর্ত খুঁড়ে তিন থেকে চার মণ ধান সংগ্রহ করা সম্ভব। এই ধান বিক্রি করে কিংবা নিজেদের খাবারের কাজে লাগিয়ে কয়েক মাসের জন্য হলেও অভাবের সংসারে কিছুটা স্বস্তি মেলে।
গ্রামবাংলায় ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহের এই প্রথা বহুদিনের। বিশেষ করে আমন ধান পাকার পর ইঁদুর খেত থেকে ধান কেটে গর্তে জমা করে। পরে ধান কাটার মৌসুমে ভূমিহীন ও দরিদ্র মানুষেরা সেই গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করেন। গ্রামাঞ্চলে নারী ও শিশুদের এ কাজে বেশি দেখা যায়। কেউ কেউ ১০ থেকে ১২ দিনে ২৫ থেকে ৩০টি গর্ত খুঁড়ে তিন থেকে চার মণ ধান সংগ্রহ করতে পারেন। এই ধানই তাঁদের কাছে কয়েক মাসের খাবারের সংস্থান।
তবে ইঁদুর শুধু দরিদ্র মানুষের খাবারের উৎস নয়, কৃষকের জন্য বড় ক্ষতির কারণও। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিবছর দেশে ইঁদুরের কারণে গড়ে প্রায় ৫০০ কোটি টাকার ফসল নষ্ট হয়। যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএর ২০১০ সালের এক গবেষণায় গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকাকে বিশ্বের অন্যতম ইঁদুর উপদ্রুত ও বংশবিস্তারের এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের (ইরি) ২০১৩ সালের এক গবেষণায় বলা হয়েছে, এশিয়ায় ইঁদুর প্রতিবছর যে পরিমাণ ধান-চাল নষ্ট করে, তা ১৮ কোটি মানুষের এক বছরের খাবারের সমান। বাংলাদেশে ইঁদুরের কারণে ৫০ থেকে ৫৪ লাখ মানুষের এক বছরের খাবারের সমপরিমাণ খাদ্য নষ্ট হয়।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, ‘কেবল আমন ধানের মৌসুমেই মাঠে মাঠে ধানকুড়ানিদের দেখা মেলে। এই ইঁদুর ধান সংগ্রহের বিষয়টি বাংলার আবহমান কৃষি সংস্কৃতিরই অংশ।’
ধানের মাঠে ইঁদুরের উৎপাত কৃষকের ক্ষতির কারণ হলেও সেই ইঁদুরের গর্তই আবার ভূমিহীন মানুষের কাছে বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে। নিজের জমিতে ফসল ফলানোর সামর্থ্য নেই, তবু মাঠের মাটির নিচে জমা শস্যেই জীবনের রসদ খুঁজে নেন তাঁরা। অভাবের তাড়নায় ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করা এসব মানুষের কাছে ‘ইঁদুর ধান’ শুধু খাদ্য নয়, কয়েক মাস বেঁচে থাকার আশাও।
এই বাংলা/এমএস