জাগতিক সব পাপ মোচনের আশায় সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে সমুদ্রের জলে অবগাহনের মাধ্যমে এ স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। এ সময় অনেকে পূর্বপুরুষদের স্মরণে এবং মানত পূরণের আশায় মাথা ন্যাড়া করেন ও পিণ্ডদান করেন। উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত।
পরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। এর আগে রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুয়াকাটায় রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে এ উৎসব চলবে তিন দিন।
উৎসবে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবতা রক্ষায় দ্বাপর যুগে কংস রাজাকে বধ করার পর পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের পরম প্রেমের লীলা সংঘটিত হয়। সেই বিশ্বাস থেকেই রাস উৎসবের প্রচলন। সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় আড়াইশ বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এই বাংলা/এমএস